ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

চট্টগ্রামে কারিগরি কাজ জানা ৫০০ জনের চাকরির সুযোগ

চট্টগ্রামে কারিগরি কাজ জানা ৫০০ জনের চাকরির সুযোগ
×

চাকরি মেলার উদ্বোধন করেন আয়োজকরা। ছবি: সৌজন্য

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৪৬

দেশি বিদেশি ৬০টি চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে চট্টগ্রামে ৫০০-এর বেশি কারিগরি কাজ জানা লোকের চাকরির সুযোগ করে দিচ্ছে দেশের অন্যতম শীর্ষ চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকম (bdjobs.com)।

মঙ্গলবার সকালে নগরীর জি ই সি কনভেনশন হলে আয়োজিত দুই দিনব্যাপী বিডিজবস কারিগরি চাকরি মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, সিআইপি।

মাহবুবুল আলম বলেন, টেকনিক্যাল কাজ জানা লোকেদের উন্নত দেশগুলোতে অধিক সম্মানের সঙ্গে দেখা হয়। পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রতিযোগিতামূলক চাকরির বাজারের জন্য দক্ষ করে গড়ে তুলতে হবে। বেশি বেতনের চাকরির আশায় বেকার বসে না থেকে সঠিক প্রশিক্ষণ নিয়ে কর্মজীবন শুরু করতে হবে। তাহলে কোরিয়া, জাপান, চীনের মতো আমাদের দেশও দ্রুত এগিয়ে যাবে।

একই ছাতার নিচে চট্টগ্রামের কারিগরি চাকরিপ্রার্থীদের জন্য ৫০০ চাকরির সুযোগ তৈরি করে দেয়ার জন্য বিডিজবসকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিজবসের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) প্রকাশ রায় চৌধুরী, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের ম্যানেজার  গাজী মোহাম্মদ মাঈনউদ্দিন। আরো উপস্থিত ছিলেন বিডিজবসের চট্টগ্রামের প্রধান সমন্বয়ক মো: জমির হোসেন এবং বিডি জবসের এজিএম ইমরুল কায়েস।

মেলায় সহযোগী হিসেবে রয়েছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, বিটাক, ইউসেপ, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ব্রাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, ফৌজদারহাট  নার্সিং কলেজ, রাঙ্গামাটি টিটিসি। প্রথমবারের মতো শুধুমাত্র কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী এবং পেশায় অভিজ্ঞদের জন্য এ মেলায় অংশগ্রহণকারী প্রত্যেকটি প্রতিষ্ঠানে কোন পদে লোক নিয়োগ করবে তা আগে থেকেই প্রকাশ করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×