ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

ময়লার আগুনে রাস্তায় ধোঁয়া, দেখতে না পেয়ে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ

ময়লার আগুনে রাস্তায় ধোঁয়া, দেখতে না পেয়ে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ
×

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:২৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:০৯

মাদারীপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জেলার মস্তফাপুর-চাপাতলী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেলার মস্তফাপুর-চাপাতলী এলাকায় ময়লা-আবর্জনা পোড়ানোতে কালো ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় বরিশালগামী একটি মাইক্রোবাস ও বিপরীত দিকে আসা মাদারীপুরগামী একটি ট্রাক ওই ধোঁয়ার মধ্যে পড়লে চালকদের দেখতে সমস্যা হয়। এর ফলে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের অন্তত ১২ জন যাত্রী আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও মাদারীপুর সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম জানান, আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়াসউদ্দিন জানান, জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। আগামীতে সড়কের পাশে এসব ময়লা ফেলানো ও পোড়ানো বন্ধ রাখা হবে।




আরও পড়ুন

×