হাসপাতাল চালুসহ ৩ দাবিতে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি: সমকাল
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৯:০২
হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত করা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার এসব দাবিতে তারা সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে আধাঘণ্টাব্যাপী ‘রোড ব্লক’ কর্মসূচি পালন করেন।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে সাড়ে তিনশ শিক্ষার্থী ক্লাস বর্জন করে মিছিল নিয়ে মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অবস্থান নেন। সেখানে আধাঘণ্টাব্যাপী সড়ক অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
কর্মসূচির সময় শিক্ষার্থীরা যানবাহনে থাকা চালক ও যাত্রীদের কাছে তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সহযোগিতা কামনা করেন।
সড়ক অবরোধ শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতি, সাইদুল ইসলাম সাকিব, পিয়াশ চন্দ্র দাস ও পৃথ্বীরাজ চৌধুরী।
শিক্ষার্থীরা জানান, হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবিতে তারা গত রোববার থেকে ধারাবাহিকভাবে ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন।
- বিষয় :
- সুনামগঞ্জ মেডিকেল কলেজ
- সড়ক অবরোধ
