মুক্তিযোদ্ধাদের সমাবেশ দোষীদের শাস্তি দাবি
মানিক পশারীর দাফনে বাধা
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ০৮:৩৫
| প্রিন্ট সংস্করণ
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশে এই দাবি জানান বীর মুক্তিযোদ্ধারা।
রাজবাড়ীতে দোষীদের শাস্তি দাবি
রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজবাড়ী জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, অ্যাডভোকেট আব্দুল গফুরসহ মুক্তিযোদ্ধারা। বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির
দাবি জানান।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সম্মান রক্ষার দাবি জানান।
ফেনীতে প্রতিবাদ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফেনী জেলা ইউনিট কমান্ড প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। কর্মসূচিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফেনী জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক আবু নাছের চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন বাবলু প্রমুখ।
হরিণাকুণ্ডুতে বিক্ষোভ সমাবেশ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। শহরের দোয়েল চত্বরে
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। মৃত্যুর পর তাদের জানাজা ও দাফনে বাধা দেওয়া কিংবা রাষ্ট্রীয় সম্মান প্রদানে বিঘ্ন সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।
হরিণাকুণ্ডু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়ার্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ, সাবেক ডেপুটি কমান্ডার রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম স্বপন, যুবদলের আহ্বায়ক ও প্রেস ক্লাব সভাপতি আব্দুস সামাদ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন প্রমুখ।
কালীগঞ্জে মানববন্ধন
কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। মানববন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাদের যথাযথ সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত। মানববন্ধনে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সেকেন্দার আলী, মুক্তিযোদ্ধা হুমায়ুন, রইচ উদ্দিন, সফর আলী প্রমুখ।
নেত্রকোনায় প্রতিবাদ সভা
নেত্রকোনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে জেলা ও
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক শামসুল হক মাহবুব, সদস্য সচিব আবদুল মান্নান তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন খান, মোজাম্মেল হক বাচ্চু, আক্কাস আলী, তরিকুল ইসলাম, আলী আজগর খান পন্নী, বোরহান উদ্দিন, পূর্বধলার আবদুল আজিজ, কেন্দুয়ার নুরুল হক, কলমাকান্দার আবদুল বারী চান মিয়া, উদীচী নেত্রকোনা জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
পঞ্চগড়ে তীব্র নিন্দা
পঞ্চগড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধনে বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান। এ সময় জেলা ইউনিট কমান্ডার আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোজাম্মেল হক, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম সভাপতি ইউনুস শেখ প্রমুখ বক্তব্য দেন।
(প্রতিনিধিদের পাঠানো তথ্য)
- বিষয় :
- দাবি