ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ০৮:২৪

| প্রিন্ট সংস্করণ

দেশে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে তিনজন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজন মারা গেছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৫৭৬ জন এবং সন্দেহজনক হাম নিয়ে এক হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল  স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল ডেঙ্গুতে মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগে এবং তিনজন চট্টগ্রাম বিভাগে মারা গেছে। বাকি একজনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৫৭৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৫০, চট্টগ্রাম বিভাগে ২৯৫, বরিশাল বিভাগে ২৩৩, খুলনা বিভাগে ২২১, রাজশাহী বিভাগে ১৪৮, ময়মনসিংহ বিভাগে ৮৩, রংপুর বিভাগে ৬৭ এবং সিলেট বিভাগে ১৯ জন রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক লাখ ৪৪ হাজার ৩৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে মোট ৪৫২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৩৮ হাজার ৮০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত পাঁচ হাজার ৮৩৯ জন রোগী ভর্তি রয়েছে।

অন্যদিকে হামের পরিস্থিতি নিয়ে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩২৭ জন। একই সময়ে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন চট্টগ্রামে এবং একজন অন্য একটি জেলায় মারা গেছে। 

আরও পড়ুন

×