ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
মুন্সীগঞ্জে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
তরিকুল ইসলাম শেখ
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ০৯:১১ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ | ০৯:৪৬
| প্রিন্ট সংস্করণ
খুলনার ডুমুরিয়া উপজেলায় তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার উপজেলার রংপুর ইউনিয়নের থুকড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান। মুন্সীগঞ্জে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনায় নিহত তরিকুল ইসলাম বন্ধুদের সঙ্গে দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের বাবা আব্দুস সালাম শেখ জানান, তিনি গতকাল খুলনায় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে ছিলেন। সেখান থেকে জানতে পারেন, তাঁর ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ মাঠে কাজ করছে।
আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জে জাহেদ ব্যাপারী (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে সদর উপজেলার ভিটিহোগলা গ্রামে এ ঘটনা ঘটে। জাহেদ ব্যাপারী আওয়ামী লীগের কর্মী ও সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সমর্থক ছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অভিযুক্ত ফরিদ ব্যাপারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও গ্রামবাসী জানিয়েছেন, পূর্ববিরোধ ও পরকীয়া সন্দেহে অনেক দিন ধরে জাহেদ ব্যাপারী ও ফরিদ ব্যাপারীর মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে বুধবার রাত ১০টার দিকে ফরিদ ব্যাপারী হামলা করেন জাহেদ ব্যাপারীর ওপর। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান ফরিদ। আশপাশের মানুষ তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।
নিহতের স্ত্রী বেবী বেগম অভিযোগ করেন, ফরিদ ও তাঁর সহযোগীরা আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন। সরকার পরিবর্তনের পর ফরিদ বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঐক্য করে জাহেদ ব্যাপারীকে নানাভাবে হয়রানি করে আসছিল।
বাবাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
নড়াইলের লোহাগড়া উপজেলায় আফসার শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আফসার শেখ ওই গ্রামের মৃত হোসেন শেখের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত খায়রুল শেখ পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খায়রুল শেখ মাদকের টাকার জন্য প্রায়ই তাঁর মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন। গতকাল দুপুরে নেশার টাকার জন্য বাবাকে চাপ দেন খায়রুল। পরে ঘরে থাকা বঁটি দিয়ে মা ও স্ত্রীর সামনে তাঁর বাবাকে কুপিয়ে পালিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম সাইফ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই সাইমকে আটক করেছে পুলিশ।
শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম সমকালকে বলেন, দুই ভাই একসঙ্গে বসে টেলিভিশন দেখার সময় সাইমের পা লাগে সাইফের গায়ে। এ নিয়ে বচসা শুরু হয়। সাইফ অভিযোগ করেন, তাঁকে লাথি মারা হয়েছে। এ জন্য তিনি ছোট ভাইকে চড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে সাইম বাসায় থাকা ছুরি দিয়ে বড় ভাইয়ের গলায় আঘাত করেন। পরে সাইফকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
(সমকাল প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য)
- বিষয় :
- হত্যা