বালু তোলায় বাধা, জমির দখল নিতে ফসল বিনষ্ট
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ০৯:০৬
| প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বালু তোলায় বাধা দেওয়ার কারণে জমির দখল নিতে ফসল বিনষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর তীরে পূর্ব চাইরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ১০ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পূর্ব চাইরগাঁও গ্রামের বাসিন্দা ভুক্তভোগী সানোয়ার হোসেন।
লিখিত অভিযোগে বলা হয়, তিন যুগের বেশি সময় আগে চাইরগাঁও গ্রামের আব্দুল বারীর কাছ থেকে চেলা নদীর তীরে পূর্ব চাইরগাঁও গ্রামে অবস্থিত কয়েক বিঘা জমি কেনেন পূর্ব চাইরগাঁও গ্রামের কামাল উদ্দিন মাস্টার। পরে ওই জমির একটি অংশে বসতভিটা এবং বাকি অংশে চাষাবাদ শুরু করেন তারা। গত কয়েকমাস আগে আব্দুল বারীর ছেলে সফিক মিয়া ও তাঁর পরিবারের লোকজনসহ একটি চক্র হঠাৎ নদীতে মেশিন দিয়ে বালু তুলতে আসে। এতে তিনি বাধা দিলে তারা কামাল উদ্দিনের মাস্টারের নদী-সংলগ্ন ফসলি জমিকে নিজেদের জমি দাবি করে হুমকি দিয়ে চলে যায়। পরে একাধিকবার তারা জমিতে জোরপূর্বক বালু তুলতে আসলে স্থানীয়রা বিষয়টা মীমাংসা করার জন্য বৈঠকের ব্যবস্থা করেন। প্রথম বৈঠকে সার্বিক বিষয়ে আলোচনার পর বিষয়টি মীমাংসার জন্য আরেকটি বৈঠকের দিন ধার্য করা হয়। কিন্তু স্থানীয় গণমান্য ব্যক্তিদের বৈঠক বসার আগেই গত বুধবার ওই বালু ব্যবসায়ী চক্র ফসলি জমিতে আসে এবং জোরপূর্বক বালু তুলতে খুঁটি স্থাপন করে যায়। পরে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বালু ব্যবসায়ী চক্রের লোকজন প্রায় তিন বিঘা জমিতে আবাদ করা লাউ গাছসহ বিভিন্ন জাতের সবজির ফসল কেটে ফেলে যায়।
কামাল উদ্দিন মাস্টারের ছেলে সানোয়ার হোসেন জানান, গত বুধবার একদল সন্ত্রাসী বাহিনী তাদের ফসলি জমিতে বালু তোলার উদ্দেশ্যে খুঁটি স্থাপন করে দখলের চেষ্টা চালায়। বৃহস্পতিবার সকালে আবারও সন্ত্রাসী বাহিনী নিয়ে সশস্ত্র হামলা চালিয়ে ফসল কেটে বিনষ্ট করে। এ নিয়ে আমরা আতঙ্কে আছি।
ভুক্তভোগী পরিবারের সদস্য অজুফা বেগম এবং মুমেনা বেগম বলেন, স্থানীয় রহিম আলী ও শফিকের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের জমিতে এসে দখলের চেষ্টা করে। তারা বাধা দিলে তাদের বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। ওই জমিতে চাষাবাদ করলে তাদের প্রাণনাশেরও হুমকি দেয় তারা। ভুক্তভোগী নারীরা বলেন, ‘ওই জমির ফসলের ওপর তাদের পুরো পরিবার নির্ভরশীল। এখন এই জমিটুকু কেড়ে নিলে পরিবার নিয়ে পথে বসতে হবে।’
জমি দখলের পাঁয়তারায় ফসল নষ্টের দায়ে অভিযুক্তদের একজন আলিম উদ্দিন অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। অভিযুক্ত অন্য কেউ এ বিষয়ে কারও বক্তব্য পাওয়া যায়নি।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, চেলা নদীর পশ্চিম পারের পূর্ব চাইরগাঁও এলাকায় জমি দখলের চেষ্টায় খুঁটি স্থাপনদের অভিযোগে বুধবার রশিদ মিয়া নামের একজন অভিযোগ করেছেন। এই অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার আরেকজন বাসিন্দা থানায় এসে ফসল নষ্টের অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে ফসল নষ্টের প্রমাণ মিলেছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- বালুদস্যু