বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম, তবে সপ্তাহে কমতে পারে ১২ শতাংশ
ফাইল ছবি
আল জাজিরা
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১০:৩২
ইরান যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম সপ্তাহজুড়ে বড় দরপতনের পথে রয়েছে। তবে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাজারে দামের পতন কিছুটা ঠেকিয়ে রাখছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, টানা দ্বিতীয় দিনের মতো দুই ধরনের অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ২টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের জানুয়ারি মেয়াদি ফিউচার প্রতি ব্যারেল ১ ডলার ৫৭ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ ডলার ৮৬ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ ডলার ১০ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ ডলার ৬২ সেন্টে লেনদেন হয়।
তবে দৈনিক দাম বাড়লেও সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম প্রায় ১২ শতাংশ কমার পথে রয়েছে। ডিসেম্বর মেয়াদি চুক্তির মেয়াদ গত ৩০ অক্টোবর শেষ হওয়ার পর থেকে এ দরপতন হয়েছে। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম সপ্তাহে ১২ দশমিক ১ শতাংশ কমতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধের উত্তেজনা কমতে পারে, এমন প্রত্যাশায় বুধবার এক দিনেই অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ কমে যায়। ওই দিন দুই ধরনের তেলের দামই দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
- বিষয় :
- জ্বালানি তেল
- দাম বৃদ্ধি