কাশিমপুর
কারাগারের শৌচাগারে হাজতির আত্মহত্যা চেষ্টা, হাসপাতালে মৃত্যু
প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১০:৩৭ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ | ১০:৪৪
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর শৌচাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন হত্যা মামলার এক হাজতি। বৃহস্পতিবার দুপুরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাজতির নাম রাজু। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে। হত্যা মামলায় বন্দি রাজুর হাজতি নম্বর ৯৪২৩/২৬।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। এ সময় দায়িত্বরত কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
রাজুকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যু-সংক্রান্ত নথিতে মৃত্যুর কারণ হিসেবে ‘হ্যাংগিং’ উল্লেখ করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, রাজুকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন হবে।
- বিষয় :
- গাজীপুর
- আত্মহত্যার চেষ্টা