বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত
শাহজাদপুর ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৩৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৪৭
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে আরিফ (১৪) ও সুমন (১৪) নামের দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার দূর্গাদহ কালি মন্দিরের সামনে ঢাকা - পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলো পুড়ানটেপরী গ্রামের রেজাউল করিমের ছেলে আরিফ (১৪) ও জহুরুল হকের ছেলে সুমন (১৪)। তারা তালগাছি এস এ মডেল স্কুলের নবম শ্রেনীর ছাত্র ছিল।
পুলিশ , ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার দূপুরে নিহত আরিফ তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে স্কুল শেষে তারগাছি বাজার থেকে শাহজাদপুর শহরে যাচ্ছিল।তাদের বহনকারী দ্রুতগামী মোটরসাইকেলটি ঢাকা - পাবনা মহাসড়কের দূর্গাদহ কালি মন্দিরের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আরিফ ঘটনাস্থলেই নিহত এবং তার দুই বন্ধু গুরুতর আহত হয় । পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যায়। আহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, ঘটনাস্থলেই এক স্কুলছাত্র মারা যায়। খবর পেয়ে শাহজাদপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে আরেক স্কুলছাত্রের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসসহ চালক পালিয়ে যান বলেও জানান তিনি।
