কলমাকান্দা সীমান্তে সাড়ে ১৯ টন সুপারি জব্দ
অভিযান চালিয়ে এসব সুপারি জব্দ করা হয়
কলমাকান্দা (নেত্রকোনা ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২ | ০৬:৫৩ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ | ০৮:৪৮
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ১৯ হাজার ৫৮৪ কেজি দেশীয় সুপারি জব্দ করেছে টাস্কফোর্স।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এএসএম জাকারিয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত আড়াইটা পর্যন্ত টাস্কফোর্স চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব সুপারি জব্দ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে কলমাকান্দার লেংগুরা ইউনিয়ন সীমান্তের ‘কালাপানি’ ও ‘কাঠালবাড়ি’ নামক এলাকা থেকে জব্দকৃত এসব সুপারির সিজার মূল্য ৮৮ লাখ ১২ হাজার আটশো টাকা। এগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।
কলমাকান্দার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম টাস্কফোর্সের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
৩১ বিজিবির অধিনায়ক এবং সহকারী পরিচালক মো. মমিনুল ইসলামের নেতৃত্বে বিজিবির ২৩ সদস্য এবং পুলিশ বাহিনীর চার সদস্য অভিযানে অংশ নেন।
