ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

৩ হাজার কোটি টাকার প্রকল্প চাইতেই ভয় পেয়েছিলেন মেয়র লিটন!

৩ হাজার কোটি টাকার প্রকল্প চাইতেই ভয় পেয়েছিলেন মেয়র লিটন!
×

সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন -সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ১২:০২

রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৯৩১ কোটি ৬২ লাখ টাকা একনেক সভায় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সাহেব বাজার জিরোপয়েন্টে এই অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। 

অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মুজিবর্ষে প্রধানমন্ত্রীর সেরা উপহার এই মেগা প্রকল্প। রাজশাহীর মানুষের জন্য এর চেয়ে ভাল উপহার আর কি হতে পারে? রাজশাহীর ইতিহাসে এটাই সবচেয়ে বড় প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজশাহীর চেহারাই বদলে যাবে। নতুন করে সাজানো হবে নগরীকে। রাজশাহীকে আরো উন্নত, আধুনিক, বাসযোগ্য, তিলোত্তমা মহানগরীতে পরিণত করা হবে।

লিটন বলেন, ‘এত বড় প্রকল্প পাস হবে কি না তা নিয়ে ভয়ে ছিলাম। এজন্য যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম তখন প্রধানমন্ত্রী বললেন প্রকল্প তো পাস করবোই। চিন্তার কোন কারণ নাই। আরো বড় প্রকল্প দাও। শহরের কোথাও যেনো ময়লা আবর্জনা না থাকে।’

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মেয়রপত্মী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা নওশের আলী, মাহফুজুল আলম লোটন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, নাইমুল হুদা রানা, রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাড আসলাম সরকার, আসদুজ্জামান আজাদ, উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন,  ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ। 

শুরুতে মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর  শুভেচ্ছা জানান কাউন্সিলররা।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও পড়ুন

×