আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
রামপুরায় যুবককে গুলি ও ২ হত্যা মামলার রায় আজ
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১২:০১
জুলাই গণঅভ্যুত্থানের সময় রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় আজ রোববার ঘোষণার জন্য ধার্য রয়েছে।
বিচারপতি মো. গোলাম মোর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ গত ১৫ জুন উভয় পক্ষের দ্বিতীয় দফা যুক্তিতর্ক শেষে রায়ের জন্য এ দিন রাখেন। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার পলাতক হাবিবুর রহমানসহ পাঁচজন আসামি।
এ মামলায় ১১ জন সাক্ষী দিয়েছেন। আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার যুক্তিতর্কের দিন আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় অন্যরা হলেন– খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার সূত্র অনুসারে ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় আমির হোসেনকে গুলি করাসহ নাদিম ও মায়া ইসলাম হত্যার ঘটনায় মামলা হয়।
- বিষয় :
- জুলাই গণঅভ্যুত্থান
