ভোলার এমপির বিরুদ্ধে ঠিকাদারদের সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে ঠিকাদাররা -সমকাল
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ১২:১২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ১২:২১
ভোলা প্রেস ক্লাবে ঠিকাদাররা এক সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তারা ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও অনিয়মের অভিযোগ উত্থাপন করেন।
তাদের অভিযোগ, এমপি ও তার লোকজন ভোলার ঠিকাদারদের চরফ্যাশন ও মনপুরা এলাকার উন্নয়ন কাজে বাধা দিচ্ছেন। কাজের বিপরীতে কমিশন দাবি করছেন তারা।
বৃহস্পতিবার ভোলা প্রেস ক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে কমিশন বাণিজ্য বন্ধের দাবিতে আন্দোলন কর্মসূচিরও ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে ঠিকাদার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রুহুল আমিন কুট্টি লিখিত অভিযোগে বলেন, দেশের সব জেলায় ই-টেন্ডারিংয়ের মাধ্যমে ঠিকাদাররা কাজ করতে পারলেও চরফ্যাসন ও মনপুরা উপজেলায় তা পারছেন না তারা। সেখানে ই-টেন্ডারিং পদ্ধতি মানা হচ্ছে না।
সংবাদ সম্মেলনে সাকিল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাওসার হোসেন ট্রুয়েল, তহুরা এন্টারপ্রাইজের আব্দুর রাজ্জাক, ঠিকাদার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জুলফিকার আহম্মেদ, সায়েম এন্টারপ্রাইজের মো. সায়েম, মো. ইলিয়াস, মিজানুর রহমান, মো. ছোটন, জামাল সিকদার, আবুল কাসেম, মো. গিয়াস উদ্দিন, আরিফ হোসেন রনি, আবিদুল আলম, এসএস এন্টারপ্রাইজের হোসাইন সাদী প্রমুখ বক্তৃতা করেন।
