মাকে নির্যাতনের অভিযোগে বাবাকে পিটিয়ে হত্যা
নিহতের ছেলে রাজিব ও শ্যালক আবদুল মজিব (ডানে)
নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২ | ০৯:৫২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২২ | ০৯:৫২
পরশুরামে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আবদুল মমিন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে ফারুক ওরফে রাজিব ও শ্যালক আবদুল মজিব সুমনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে সুমনকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি যান রাজিব। বৃদ্ধ আবদুল মমিন (৬৫) তখন ঘরে ছিলেন। ঘরে ঢুকেই ছেলে তাঁর বাবার কাছে জানতে চান, তাঁর মাকে নির্যাতন কেন করা হয়? এ নিয়ে বাবা-ছেলের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাবা ক্ষুব্ধ হয় তাঁকে ত্যাজ্যপুত্র করার হুমকি দেন। এ কথা শুনে ছেলে আরও ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা রান্নার লাকড়ি দিয়ে বাবাকে এলোপাতাড়ি পিটিয়ে মাথা ফাটিয়ে দেন। এরপর মাকে শিখিয়ে দেন, 'বাড়িতে ডাকাতের হামলায় তাঁর বাবা আহত হয়েছে'- এ কথা বলতে। স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে রাতে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রাজিব দলিল লেখক। বাবার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। আবদুল মমিন ও তাঁর স্ত্রী গ্রামের বাড়িতে থাকতেন। রাজিব স্ত্রী-সন্তান নিয়ে পরশুরাম উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের মেয়ে পানু আক্তার থানায় মামলা করেছেন। রাতেই ছেলে ও তাঁর শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে। লাশ মর্গে রয়েছে। গ্রেপ্তার দু'জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।