ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে ফেরা ৫৬৮৮ প্রবাসীর হদিস মেলেনি

নারায়ণগঞ্জে ফেরা ৫৬৮৮ প্রবাসীর হদিস মেলেনি
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২০ | ২০:২৮

বিশ্বব্যাপী দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়লে গত ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত নারায়ণগঞ্জে ফিরেছেন পাঁচ হাজার ৯৬৮ প্রবাসী। তাদের মধ্যে মাত্র ২৮০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছে। বাকিদের হদিস মেলেনি।

এসব প্রবাসীদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে আনার চেষ্টা চলছে বলে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নারায়ণগঞ্জে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাদের দু'জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। একজন চিকিৎসাধীন। বৃহস্পতিবার নতুন করে ৪৯ জনসহ মোট ৩১০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। নতুন করে ১৪ জনসহ হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৭ জন। করোনা মোকাবিলায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ৩০ শয্যার আইসোলেশন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৯০ চিকিৎসক ও ১৭৩ স্বাস্থ্যকর্মীকে। জরুরি প্রয়োজনে ছয়টি সরকারি অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।

এদিকে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও বৃহস্পতিবার চাষাঢ়া এলাকায় অটোরিকশায় অনেককে যাতায়াত করতে দেখা গেছে। এ দিন সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সেনাসদস্যদের সাধারণ জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মাইকিং করেছেন। এ ছাড়া অহেতুক বাড়ির বাইরে বের হওয়ায় অনেক স্থানে র‌্যাব-১১-এর সদস্যদের ব্যবস্থা নিতে দেখা গেছে।

আরও পড়ুন

×