ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

গাছে ঝুলছিল কলেজছাত্রের পা বাঁধা লাশ

গাছে ঝুলছিল কলেজছাত্রের পা বাঁধা লাশ
×

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২০ | ০৩:৪১ | আপডেট: ২৭ মার্চ ২০২০ | ০৩:৪৩

নীলফামারীর সৈয়দপুরে গাছ থেকে বিধান চন্দ্র রায় নামের এক কলেজ ছাত্রের পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যাকাণ্ড বলে দাবি করছে ওই কলেজছাত্রের পরিবার। শুক্রবার সকালে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শান্তিপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিধান সৈয়দপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও শান্তিপাড়া গ্রামের প্রফুল্ল চন্দ্র রায়ের ছেলে।

স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বিধান। সারারাত অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। সকালে গ্রামবাসী বিধানের লাশ শান্তিপাড়া ও হুগলিপাড়ার মাঝামাঝি স্থানে নদীর পাড়ের লিচু গাছে পা বাঁধা অবস্থায় ঝুলতে দেখে। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

পরিবারের দাবি, একই ইউনিয়নের অপর এক পরিবারের সঙ্গে দীর্ঘ দিন ধরে শক্রতা চলছিল তাদের। এর জের ধরে বিধানকে হত্যা করা হয়েছে।

নিহতের মামা অনিমেষ চন্দ্র রায় বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও পা দু’টি বাঁধা ছিল। শরীরের নিচের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। এ খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানাই।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাত খান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েঠি। লিখিত অভিযোগ পেলেই মামলা গ্রহণ করব। 

আরও পড়ুন

×