ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

টুঙ্গিপাড়ায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু

টুঙ্গিপাড়ায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু
×

প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়- সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০২:০৫

করোনাভাইরাস মোকাবেলায় গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলায় দরিদ্র ও খেটে খাওয়া ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।

বাগেরহাট-২ আসনের এমপি ও প্রধানমন্ত্রীর চাচাত ভাই শেখ হেলাল উদ্দিনের উদ্যোগে বুধবার সকালে টুঙ্গিাপাড়ায় এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম. বদরুল আলম বদর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল খায়ের বশার, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম. বদরুল আলম বদর বলেন, বুধবার টুঙ্গিপাড়া উপজেলা থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা কোটালীপাড়ায়ও এ কার্যক্রম শুরু করেছি।

তিনি জানান, করোনা দুর্যোগের পুরো সময়ে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার খেটে খাওয়া ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে ১০ হাজার পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ৫০০ গ্রাম সয়াবিন তেল প্রদান করা হচ্ছে। যতদিন এ দুর্যোগ থাকবে ততদিনই এ সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শতাধিক দুস্থ শিল্পীর পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদীর নেতৃত্বে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অপরদিকে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের পক্ষ থেকে গোপালগঞ্জ শহরের দরিদ্র ৬ শ’ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বুধবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।

আরও পড়ুন

×