হাসির গল্পে সামিরা খান মাহি
সামিরা খান মাহি। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৪:১১
অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু হাস্যরসাত্মক গল্পে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে সামিরা খান মাহির। সে নাটকগুলো অনেকে পছন্দ করেছেন। আবারও তাই অভিনয়ের জন্য হাসির একটি গল্প বেছে নিয়েছেন মাহি। নাম ‘কোটি টাকার বউ’। যেখানে এই তারকা অভিনেত্রীর দেখা মিলেছে কেন্দ্রীয় চরিত্রে।
কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জনের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মিতুল খান। এতে আরও একবার মাহির সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন নিলয় আলমগীর। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, চিত্রলেখা গুহ, মাসুম বাশার, আজম খান, হানিফ পালোয়ান, শাওন মজুমদার প্রমুখ।
সম্প্রতি পিকক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে। অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, ‘কমেডি নাটকের প্রতি দর্শকের আলাদা এক ধরনের ভালো লাগা আছে। যেজন্য উৎসব ছাড়াও অন্যান্য সময় দর্শক প্রত্যাশায় থাকেন হাসির গল্পের নাটকের। সেটি জেনেই পরিচালক মিতুল খান ‘কোটি টাকার বউ’ নাটকটি নির্মাণ করেছেন। যার কাহিনিতে হাস্যরসের মিশেলে পারিবারিক টানাপোড়েন ও জীবনের নানা বাস্তবতাকে তুলে আনা হয়েছে। নাটকটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছি।
পরিচালক মিতুল খানের কথায়, বিনোদনের পাশাপাশি দর্শককে কিছু ইতিবাচক বার্তা দেওয়ার ইচ্ছা থেকে ‘কোটি টাকার বউ’ নাটকের নির্মাণ। আমাদের সামাজিক অবস্থানকে কেন্দ্র করে সম্পর্কের নানা জটিলতা তৈরি হওয়ার বিষয়টি হরহামেশা চোখে পড়ে। সেগুলো হাস্যরসাত্মক আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ নাটকে; যা অনেকের মনে ছাপ ফেলবে। আর এ ধরনের গল্প উপস্থাপনে নিলয় ও মাহি হতে পারে সেরা জুটি। কারণ এর আগে ‘জীবন সাথী’, ‘বদনাম’, ‘একসাথে’, ‘অদল বদল’, ‘টম অ্যান্ড জেরির বিয়ে’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘দুষ্টু মেয়ের মিষ্টি বাবা’, ‘কথায় না কাজে বিশ্বাসী’, ‘কানার হাটবাজার’, ‘ফানি মুন’, ‘প্রাইভেট বিয়ে’, ‘ফকির যখন কোটিপতি’, ‘স্বপ্নের বাসর’, ‘ধ্রুবতারা’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন তারা। আর এ বিষয়গুলো মাথায় রেখে এই জুটিকে নিয়ে নতুন এই গল্পের উপস্থাপনা।
- বিষয় :
- সামিরা খান মাহি
- নাটক
