ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সাতক্ষীরায় জ্বর, সর্দি-কাশি নিয়ে নারীর মৃত্যু

সাতক্ষীরায় জ্বর, সর্দি-কাশি নিয়ে নারীর মৃত্যু
×

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০৩:২২

সাতক্ষীরার কালীগঞ্জে জ্বর, সর্দি-কাশি নিয়ে এক নারী মারা গেছেন। বুধবার ভোরে কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের বাবার বাড়িতে তিনি মারা যান।

নিহত রাশিদা খাতুন শিল্পি (২৫) কালীগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের শিক্ষক আব্দুস ছালামের মেয়ে। তিনি কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ফতেপুর গ্রামের সিরাজুল ইসলাম কারিগরের স্ত্রী।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন মুঠোফোনে জানান, ২৬ মার্চ সন্ধ্যার দিকে রাশিদা খাতুনের জ্বর অনুভূত হয়। পরেরদিন ২৭ মার্চ তিনি শ্বশুরবাড়ি ফতেপুর গ্রাম থেকে পাশের গ্রাম বন্দকাটি বাবার বাড়ি চলে আসেন। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।

তিনি জানান, মৃতের বাবা তাকে জানিয়েছেন- রাশিদা মারা যাওয়ার আগে তার শরীরে ব্যথার কথা বলেছিল। সে বারবার গোসল করতে চাচ্ছিল। তবে তার সর্দি-কাশি ছিল।

ইউপি চেয়ারাম্যান আরও জানান, রাশিদা, তার স্বামী, শ্বশুরবাড়ি কিংবা বাবার বাড়ির কেউ ১-২ দিনের মধ্যে এলাকার বাইরে যায়নি। তার পরিবারের কেউ বিদেশ বা অন্য কোন জেলা থেকে আসেনি। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ তবিবুর রহমানকে বিষয়টি জানানো হয়েছে। 

গ্রাম্য ডাক্তার রুহুল আমিন জানান, ২৮ মার্চ রাশিদার অসুস্থতার কথা বলে তার বাবা তাকে ডেকে নিয়ে যান। তিনি যেয়ে দেখেন, তার শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রী সেলসিয়াস, সর্দি-কাশি, হাঁচি, শরীরে ব্যথা রয়েছে। তিনি এসবের প্রাথমিক চিকিৎসা দিয়ে আসেন। কিন্তু পরে তাকে আর জানানো হয়নি।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, সাতক্ষীরায় করোনায় আক্রান্ত কোন রোগী এখনও সনাক্ত হয়নি। বিষয়টি শোনার পর খোঁজ নিয়েছি। উপজেলা স্বাস্থ বিভাগ নিশ্চিত করেছে, এটি করোনার রোগী নয়।

আরও পড়ুন

×