বগুড়ায় ভেজাল হলুদ-মরিচ গুঁড়া তৈরি করায় কারাদণ্ড
বগুড়ায় ভেজাল হলুদ-মরিচ গুঁড়া তৈরি করায় কারাদণ্ড
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০৬:২২
করোনার সুযোগে বগুড়ার শিবগঞ্জে হলুদ-মরিচ ভাঙানো মিলে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া তৈরি করায় একটি মিল সিলগালা করা হয়েছে। সেইসঙ্গে মিলের ২ কর্মচারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার জেলার শিবগঞ্জ শহরতলী বাজারে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন-আকন্দপাড়া গ্রামের রবে প্রামাণিকের ছেলে পুটু মিয়া (৪৫) ও গণেশপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে মামুন (২৮)।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলার শহরতলী বাজারে হলুদ, মরিচ ভাঙানোর মিলে কিছু অসাধু ব্যবসায়ী হলুদ, মরিচের সঙ্গে গোখাদ্য, চালের গুঁড়া ও রং মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি করছিল। খরর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর দুপুরে শহরতলী বাজারের ওই মিলে অভিযান চালান।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মিল মালিক আকন্দপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে শুকুর আলী পালিয়ে যান। এসময় মিলের কর্মচারীসহ দুইজনকে আটক করা হয়। সেখান থেকে বেশ কিছু ভেজাল হলুদ ও মরিচের গুঁড়া জব্দ করা হয় এবং মিলটি সিলগালা করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকদের ৬ মাসের কারাদণ্ড দেন।
