রাজশাহীতে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল -ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০৬:২৬
জ্বর-সর্দি শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে বুলবুল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামের আসলাম আলীর ছেলে।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে তাকে রামেক হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত পৌনে আটটার দিকে তিনি মারা যান।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈয়দ শাতিল মোস্তাহিদ জানান, বুলবুল নামের ওই রোগীর হাসপাতালে আসার সময় জ্বর ছিল না। শুধু শ্বাসকষ্ট ছিল। তিনি অ্যাজমা রোগে ভুগছিলেন। হাসপাতালে আসার পর তাকে ৩৯ নম্বর করোনা ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়। রাত পৌনে আটটার দিকে তিনি মারা যান। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কথা ছিল। কিন্তু তা সংগ্রহ করেছে কি না তা আমার জানা নেই।
এ বিষয়ে রামেক হাসপাতালের মাইক্রোবায়োজি বিভাগের প্রধান ও রামেক হাসপাতালের উপাধ্যক্ষ ডা. বুলবুল হাসান বলেন, পরীক্ষা করতে হলে উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশসহ আমাদের কাছে আসতে হবে। সে প্রক্রিয়ায় না এলে আমরা কারো নমুনা পরীক্ষা করতে পারি না।
এ বিষয়ে জানতে রামেক হাসপাতালের হাসপাতল উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌসকে ফোন করা হলে তিনি বলেন, বিষটি তার জানা নেই।
