সিদ্ধিরগঞ্জে ৮শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সিদ্ধিরগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ- সমকাল
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০০:৩৮
বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ও পিকআপ মালিক সমিতির সিদ্ধিরঞ্জের শিমরাইল শাখার সভাপতি দেলোয়ার হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ৮ শ’ অসহায় গরীব ও দুস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে মধ্যরাত পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার রাত ৯ টা থেকে গভীর রাত পর্যন্ত সিদ্ধিরগঞ্জের আজিবপুর, বাগানবাড়ী, আউল্লাবন ও আটি ওয়াপদা কলোনীর বউবাজার এলাকার এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা প্যাকেটের মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও ১ টি করে সাবান।
আটি ওয়াপদা কলোনীর সমাজ সেবক আব্দুল হাই মেম্বার, মো. হাসান, শরীফ, কাশেম, হাবিবুর রহমান ও সাদেক আলী খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন।
দেলোয়ার হোসেন বলেন, নিজ হাতে প্রকৃত অসহায় দুস্থ ও গরীবদের হাতে আমার সাধ্যমত খাদ্যসামগ্রী আমি নিজ হাতে তুলে দিতে পেরে আত্মতৃপ্তি পেয়েছি।
সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে অসহায়, গরীব ও দুস্থদের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান তিনি।
- বিষয় :
- করোনাভাইরাস
- খাদ্যসামগ্রী বিতরণ
