ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পঞ্চগড় রেলস্টেশনে সর্দি-জ্বরে আক্রান্ত সেই নারীর অবস্থার উন্নতি

পঞ্চগড় রেলস্টেশনে সর্দি-জ্বরে আক্রান্ত সেই নারীর অবস্থার উন্নতি
×

এক সপ্তাহ পর মনোয়ারা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৪:০০

সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে পঞ্চগড়ের রেলওয়ে স্টেশনে পড়ে থাকা সেই মনোয়ারা বেগমের (৪২) শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রেলস্টেশনে অসুস্থ অবস্থায় পড়ে থাকা ওই  নারী করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন আতঙ্কে কাছে কেউ যায়নি। খবর পেয়ে সোমবার গভীর রাতে সদর থানা পুলিশের দুটি টিম তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুরের বালুবাড়ি থেকে গত ২৪ মার্চ পঞ্চগড়ে এসেছিলেন মনোয়ারা বেগম। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওইদিন থেকে সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে তিনি পঞ্চগড় রেলস্টেশনেই আটকা পড়েন। সপ্তাহজুড়ে তিনি রেল স্টেশনেই ছিলেন। এক পর্যায়ে তিনি জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হন। তিনি অসুস্থ বুঝতে পেরে করোনা আতঙ্কে কেউ তার কাছে যাননি। পরে পঞ্চগড় পুলিশ সুপারের বিশেষ তত্ত্বাবধানে সোমবার রাতে ওই নারীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম ও পরিচয় দেন।

সদর থানার ওসি আবু আককাছ আহমেদ বলেন, 'খবর পাওয়ার পর পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।'

আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজউদ্দৌলা পলিন বলেন, হাসপাতালে ভর্তির পর তাকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তিনি জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন। এটি করোনা নয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, উদ্ধারের সময়ে ওই নারীকে জীবাণুনাশক স্প্রে করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরাও পিপিই ব্যবহার করে তার কাছে যান এবং চিকিৎসা সেবা দেন।

আরও পড়ুন

×