ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া না নেওয়ার আহ্বান শামীম ওসমানের
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৬:৫০
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জের বাড়ির মালিকদের উদ্দেশ্যে বলেছেন, সম্ভব হলে ভাড়াটিয়াদের ১ মাসের ভাড়া মওকুফ করে দেন।
সিটি করপোরেশনের উদ্দেশ্যে তিনি বলেন, হোল্ডিং ট্যাক্সসহ যাবতীয় সব ধরনের ট্যাক্স মওকুফ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। কারণ করোনার যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে করোনা পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সময়ে করণীয় সর্ম্পকে অবহিত করতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শামীম ওসমান এসব কথা বলেন।
এ সময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ আহমেদ ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
শামীম ওসমান বলেন, আপনারা যদি সাহসী হন তাহলে ঘরে থেকে তা প্রমাণ করুন। বর্তমান পরিস্থিতিতে ঘরের বাইরে রাস্তায় ঘুরে বেড়ানো কোনো বাহাদুরির কাজ নয়।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমার ও আমার বড় ভাই সেলিম ওসমানের সংসদীয় (নারায়ণগঞ্জ-৫) এলাকার একজন মানুষকেও না খেয়ে মরতে দেবে না। সরকারি সহায়তার পাশাপাশি আমাদের যা আছে তা নিয়েই সবাই ভাগ করে খাব। প্রয়োজনে কম খাব। কিন্তু সবাইকে নিয়ে খাব।
নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, পৃথিবীর অন্য যে কোন দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভাল ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত পদক্ষেপে এখনও আমরা ভাল আছি। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা ও পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, বিজিবিসহ আমরা জনপ্রতিনিধিরা একযোগে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের কাজ হচ্ছে তারা নিজের জন্য, পরিবারের জন্য এবং সর্বোপরি দেশের ভালোর জন্য এই মুহূর্তে ঘরে থাকবেন।
শামীম ওসমান বলেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণের পরেই আমি ও আমার পরিবার গোপনে ১৫-২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। কিন্তু এখন প্রকাশ্যে সহায়তা করতে চাচ্ছি কারণ আমরা চাই একাজে যেন সমাজের সামর্থ্যবানরাও এগিয়ে আসে। অন্যদের মধ্যেও যেন উৎসাহ তৈরি হয়।
তিনি আরও বলেন, ত্রাণ বিতরণের সময় প্রশাসনের সঙ্গে সমন্বয় থাকা উচিত। কারণ একজন বার বার ত্রাণ সহায়তা পেলো কিন্তু অনেকে একবারও পেলো না সেটি হলে সমস্যার সমাধান হবে না।
চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, নারায়ণগঞ্জের দু’টি সরকারি হাসপাতালসহ বেসরকারি ক্লিনিকগুলোতে যেন করোনার রোগি ছাড়াও অন্য রোগিদের চিকিৎসা নিশ্চিত করা যায় এজন্য তিনি সিভিল সার্জনের দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন। সেই সঙ্গে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়ার কথাও জানান শামীম ওসমান।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- শামীম ওসমান
