ঢাকা মেডিকেলে বিনা চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ
ফাইল ছবি
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০০:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত ওই ব্যক্তির নাম আবু তাহের। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক গ্রামে।
মৃত তাহেরের মেয়ে সুইটি আক্তার সমকালকে বলেন, গত শুক্রবার ভোরে তার বাবার মাথায় রক্তক্ষরণ হয়। বড় মেয়ে হিসেবে সে তার স্বামীকে নিয়ে বাবার চিকিৎসার জন্য কুমিল্লার প্রাইভেট হাসপাতাল রয়েলে নিয়ে যায়। কিন্তু কোনো ডাক্তারই তার চিকিৎসা করেননি। সেখান থেকে নিরুপায় হয়ে সুইটি তার বাবাকে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অনেক ভোগান্তির পর ওইদিন রাত ১২ টার দিকে আবু তাহেরকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়। কিন্তু ভর্তির পর কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তার বাবাকে করোনা ইউনিটে পাঠানো হয়। আবু তাহেরের করোনাভাইরাসের কোন উপসর্গ নেই বার বার বললেও নার্স ও সংশ্লিষ্টরা তাদের কোনো পাত্তাই দেয়নি।
সুইটি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো ডাক্তারই রোগীদের দেখেন না। বিনা চিকিৎসায় শনিবার সকাল ১১:৪৭ মিনিটে বাবা মারা গেলে একদল ডাক্তার এসে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়। বাবার লাশ নেওয়া হয় মর্গে।
মৃত তাহেরের মেয়ে সুইটির আক্ষেপ- টাকা পয়সা খরচ করে ঢাকা মেডিকেলে গেলেও আমার বাবাকে কোনো ডাক্তারই দেখেননি। দেননি কোনো চিকিৎসা। তিনি এর বিচার দাবি করেন সচেতন মহলের কাছে।
