ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

রাত জেগে ফুটবল-উন্মাদনা, ভোরে আর্জেন্টাইন ভক্তদের চবিতে উল্লাস

রাত জেগে ফুটবল-উন্মাদনা, ভোরে আর্জেন্টাইন ভক্তদের চবিতে উল্লাস
×

শুধু আর্জেন্টিনার সমর্থকই নন, ব্রাজিল সমর্থকরাও ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। ছবি: সমকাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১২:৪৪

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচকে কেন্দ্র করে ভোররাতে ফুটবল উন্মাদনায় মেতে ওঠেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। শনিবার ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচটি দেখতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বড় পর্দার সামনে জড়ো হন হাজারো শিক্ষার্থী।

রুদ্ধশ্বাস লড়াই শেষে আর্জেন্টিনা ৩-২ গোলে জয় পেলে ভোরের আলো ফুটতেই ক্যাম্পাসজুড়ে শুরু হয় উল্লাস। 'মেসি, মেসি' ধ্বনিতে মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। অনেক শিক্ষার্থী রাত জেগে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ম্যাচ শুরুর অপেক্ষা করেন। খেলা শেষে বিজয় উদ্‌যাপনে নাচ-গানেও অংশ নেন তারা।

শুধু আর্জেন্টিনার সমর্থকই নন, ব্রাজিল সমর্থকরাও ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। তারা প্রতিপক্ষ কেপ ভার্দের পক্ষে সমর্থন দিয়ে মাঠের বাইরের উত্তেজনা আরও বাড়িয়ে তোলেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মীর হেলাল উদ্দিনের সহযোগিতায় ২০০ বর্গফুটের এলইডি স্ক্রিনে খেলা দেখানোর আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য, বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে ফাইনাল পর্যন্ত বড় পর্দায় সব ম্যাচ দেখানো হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বড় পর্দায় খেলা প্রদর্শনকে কেন্দ্র করে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রক্টরিয়াল বডি, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করেন। আয়োজনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 

আরও পড়ুন

×