ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৪:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সাতক্ষীরার আশাশুনিতে প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের প্রায় একশ’ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে কুড়িকাউনিয়া, শ্রীপুর ও বৃষ্টিনন্দন গ্রামের এক হাজার বিঘার মৎস্য ঘের ও ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধ শতাধিক পরিবার।

স্থানীয়রা জানান, আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। প্রবল জোয়ারের চাপে হঠাৎ করেই মধ্য রাতে বাঁধটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ইতোমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে গ্রামের কয়েক হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধটি সংস্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাঁধটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতির কারণেই এই বেঁড়িবাধ প্রতিবারই ভেঙে যায়। বারবার বলা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি।

তিনি আরও জানান, তিনটি গ্রামের প্রায় এক হাজার বিঘা জমির মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। 

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরিফুজ্জামান ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জানান, তিনি তাৎক্ষণিক কিছু বালুর বস্তার ব্যবস্থা করেছেন। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত বেড়িবাঁধ সংস্কারের ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন

×