সাতক্ষীরায় বিদেশ ফেরত ৪২ জন হোম কোয়ারেন্টাইনে
ফাইল ছবি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৪:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সাতক্ষীরায় বিদেশফেরত আরও ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় প্রবাসীসহ মোট ৩ হাজার ১৫৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন রোমানা খাতুন (৩৮) নামে এক নারী। তিনি সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর গ্রামের ওলিউর রহমানের স্ত্রী। এ নিয়ে হাসপাতালের আইসোলেশনে রয়েছেন দুই জন।
স্থানীয়রা জানান, রোমানা খাতুন কক্সবাজারে থাকতেন। সর্দিজ্বর নিয়ে তিনি মঙ্গলবার গ্রামের বাড়িতে আসেন। এ সময় এলাকাবাসীর চাপে তাকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়।
রোমানা খাতুনসহ হাসপাতালের আইসোলেশনে থাকা দুজন এবং জেলার বিভিন্ন এলাকার মোট ৬৬ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এছাড়া মেডিকেল কলেজ থেকে পাঠানো দুই জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। দুটি রিপোর্টই নেগেটিভ।
এরইমধ্যে বিদেশফরত ৪২ জনসহ ৩ হাজার ১৫৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড় পত্র দেয়া হয়েছে ১ হাজার ১৩৮ জনকে।
অন্যদিকে নারায়ণগঞ্জ থেকে সাতক্ষীরার দেবহাটায় আসা চারটি পরিবারকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এসব পরিবারের ২০জন সদস্য বাড়ি থেকে বের হতে পারছেন না।
