নওগাঁ জেলা লকডাউন
নওগাঁ জেলা লকডাউন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৮:০৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ০৮:৩৫
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ধ্যা থেকে নির্দেশনা জারি করেছেন জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ।
মঙ্গলবার জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠকের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলার ১১টি উপজেলাসহ পুরো নওগাঁ থাকবে অবরুদ্ধ। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতামুক্ত থাকবে।
বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে সম্মিলিত দায়িত্ব পালন করবেন।
ইতোমধ্যেই জেলার প্রতিটি প্রবেশদ্বারে বসানো নিরাপত্তা চৌকি আরো জোরদার করা হয়েছে। সরকারি বিধিনিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আরো বেশি সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে, আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও মুক্ত রয়েছে নওগাঁ জেলা। তবে এরইমধ্যে অনেক বাসিন্দা আক্রান্ত এলাকা বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরেছেন। তাদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রশাসনের কর্মকর্তারা।
জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্যমতে, বুধবার পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ থেকে আসা ৬৫৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে একজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতোমধ্যে ১৮৫ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়েছে। এসব নমুনার মধ্যে ১২৯ জনের নমুনা নেগেটিভ বলে জানানো হয়েছে। অবশিষ্ঠ নমুনার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
