মিসর ম্যাচে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১২:৪৮
বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে মিসরের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা শিবিরে জোর আলোচনা চলছে সম্ভাব্য একাদশ নিয়ে। কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের ঘাম ঝরানো জয়ের পর এবার নকআউটের কঠিন পরীক্ষা। আর্জেন্টিনাভিত্তিক ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই ম্যাচে কোচ লিওনেল স্কালোনি বড় কোনো পরিবর্তনের পথে হাঁটবেন না। দলের মূল কাঠামো অক্ষুণ্ন রেখে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে সর্বোচ্চ একটি করে পরিবর্তন আসতে পারে।
প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবারের অনুশীলন বাতিল হলেও আটলান্টায় রওনা হওয়ার আগে রোববারের শেষ অনুশীলনেই সম্ভাব্য একাদশ চূড়ান্ত করবেন স্কালোনি। মিসর ম্যাচের জন্য সবচেয়ে বেশি আলোচনা চলছে লিওনেল মেসির আক্রমণসঙ্গীকে ঘিরে। কোচিং স্টাফের পরিকল্পনা ছিল নকআউট পর্ব থেকেই হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে ফেরানোর। তবে বিশ্বকাপ শুরুর আগে বাঁ গোড়ালিতে চোট পাওয়ায় তিনি এখনও পুরোপুরি ম্যাচ-ফিট নন। তাই কেপ ভার্দের বিপক্ষে খেলা লাউতারো মার্তিনেজের ওপরই আবারও আস্থা রাখতে পারেন স্কালোনি। তবে আলভারেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগমুহূর্ত পর্যন্ত ঝুলে থাকতে পারে।
রক্ষণভাগে একটি পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি। বাঁ-ব্যাক ফাকুন্দো মেদিনা কেপ ভার্দে ম্যাচে পেশিতে টান অনুভব করেছিলেন। মঙ্গলবারের ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট না হলে অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো আবারও শুরুর একাদশে ফিরতে পারেন।
মাঝমাঠে ভারসাম্য ও বলের নিয়ন্ত্রণ বাড়াতে লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে দেখা যেতে পারে। তিনি মিডফিল্ডারের ভূমিকায় খেললে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও আক্রমণাত্মক অবস্থানে খেলার সুযোগ পাবেন। বিকল্প হিসেবে নিকোলাস গঞ্জালেসও স্কালোনির ভাবনায় আছেন। শুরুর একাদশ থেকে থিয়াগো আলমাদার জায়গা হারানোর সম্ভাবনাই বেশি। সেখানে সুযোগ পাবেন পারেদেস কিংবা গঞ্জালেস। সব মিলিয়ে স্কালোনির কাছ থেকে বড় কোনো চমক আসার সম্ভাবনা কম।
- বিষয় :
- আর্জেন্টিনা
- মিশর
- বিশ্বকাপ ফুটবল
