সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের দাবিতে মহাসড়ক অবরোধ
সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের দাবিতে মহাসড়ক অবরোধ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৯:০৬ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ১০:৪৮
ঈশ্বরদীতে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের দাবিতে কর্মহীন হয়ে পড়া শত শত এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেছেন।
বুধবার উপজেলার মুলাডুলি ইউনিয়নের ঢুলটি, বহরপুর, দেবীপুর, বেদুনদিয়া ও কান্দিপাড়ার শত শত নারী ও পুরুষ ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ করেন।
এসময় তারা মুলাডুলি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বাররা তাদের ‘মুখ চেনা’ লোকজনদের মধ্যে ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ত্রাণ বিতরণ করলেও প্রকৃত দিনমজুর ও কর্মহীন হয়ে পড়া মানুষদের ত্রাণ দিচ্ছেন না বলে অভিযোগ করে মহাসড়কে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা সঠিকভাবে এবং সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের দাবি জানান।
এক পর্যায়ে ঈশ্বরদীতে অবস্থানরত সেনাবাহিনীর টহল দলের সদস্যরা সেখানে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। টহলরত সেনাবাহিনীর সদস্যরা গাড়ি থামালে লোকজন তাদের কাছে এই দাবি জানান।
সেনাবাহিনীর টহল সদস্যরা তাদের আশ্বস্ত করলেএলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে বাড়ি ফিরে যান।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সেনাসদস্যরা বলেন, আমরা এলাকাবাসীকে আস্বস্ত করেছি, ওই এলাকার কর্মহীন বেকার দুঃস্থদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেব। পাশাপাশি মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগও খতিয়ে দেখা হবে।
