গোপালগঞ্জে ত্রাণ বিতরণ নিয়ে সংঘর্ষে আহত ২১
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৯:২৩ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ১০:৫৩
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় ত্রাণ বিতরণ নিয়ে সংঘর্ষে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। বুধবার সকালে কোটালীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিমুলবাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি আহত চাঁনমিয়া খলিফা ও ফিরোজ খলিফা অভিযোগ করে বলেন, আমরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্মহীন দিনমজুর। করেনায় কাজ হারিয়ে অনাহারে দিন কাটাচ্ছি। ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল সরদার তার সমর্থক ও স্বচ্ছল পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছেন। এ বিষয়ে আমরা প্রতিবাদ করলে কমিশনারের সমর্থক আয়ুব আলী আমাদের ওপর হামলা করেন। পরে দুই পক্ষের লোকজন সংষর্ষে লিপ্ত হলে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ২১ জন আহত হন।
আহতদের অভিযোগ অস্বীকার করে ৩ নম্বর ওয়ার্ডের কউন্সিলর কামাল হোসেন সরদার বলেন, ত্রাণ বিতরণে আমি কোনো স্বজনপ্রীতি করিনি। যারা ত্রাণ পাওয়ার উপযুক্ত তাদেরই দেওয়া হয়েছে। আহতরা মিথ্যা অভিযোগ করেছে। আয়ুব আলীর সঙ্গে খলিফাদের আগে থেকেই বিরোধ ছিল। এ নিয়ে এ ঘটনা ঘটতে পারে।
পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ বলেন, যারা ত্রাণ পাওয়ার উপযুক্ত তাদের দেওয়ার জন্য প্রত্যেক কাউন্সিলরকে নির্দেশ দেওয়া হয়েছে। সেভাবেই ত্রাণ বিতরণ করা হচ্ছে।
কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া বলেন, ত্রাণ বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ব্যাপারে কেউ এখনও কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
