ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

শেরপুরে ফের ৩ জন করোনায় আক্রান্ত, ৭৫ বাড়ি লকডাউন

শেরপুরে ফের ৩ জন করোনায় আক্রান্ত, ৭৫ বাড়ি লকডাউন
×

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৯:৪৩ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ১১:০৩

শেরপুরে ফের তিনজনের দেহে করোনাভাইরাসের (কোভিড- ১৯) সংক্রমণ ধরা পড়েছে। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালের ল্যাবে পরীক্ষায় এ সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে জেলায় নয়জন করোনায় আক্রান্ত হলেন। 

সিভিল সার্জন ডা. আবুল কাশেম মো. আনোয়ারুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে সংক্রমণ ধরা পড়ায় শেরপুর সদর, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় ৭৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

নমুনা পরীক্ষায় শেরপুর সদর উপজেলার এক ষাটোর্দ্ধ বৃদ্ধা এবার করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলায় রৌহা ইউনিয়নের ফটিয়ামারী নয়াপাড়া গ্রামে। তিনি ঢাকায় গৃহকর্মীর কাজ করতেন বলে জানা গেছে। ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসে অসুস্থ হন।

এছাড়া নালিতাবাড়ী উপজেলায় ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পে কাজ করা এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি পৌর শহরের গড়কান্দা আনসার ক্যাম্পের কাছে একটি মেসে ভাড়া থাকেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে কাজ করার সুবাদে তিনি নিয়মিত হাসপাতালের ল্যাবে যাতায়াত করতেন।

ঝিনাইগাতী উপজেলার সারি কালিনগর এলাকায় আক্রান্ত হয়েছেন ২৫ বছর বয়সী এক যুবক। তিনি পিকআপ ভ্যানচালক। ঢাকায় তিনি কাঁচামাল সরবরাহ করতেন। কয়েকদিন ধরে তিনি সর্দি-জ্বরে ভুগছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্ত তিনজনের বাড়িসহ আশপাশের ৭৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

×