ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বগুড়ায় করোনা আক্রান্ত সেই ব্যক্তির চতুর্থ রিপোর্ট নেগেটিভ

বগুড়ায় করোনা আক্রান্ত সেই ব্যক্তির চতুর্থ রিপোর্ট নেগেটিভ
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৯:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ায় আইসোলেশনে থাকা করোনাভাইরাসে আক্রান্ত রংপুরের সেই ব্যক্তির চতুর্থবারের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগের তিনবারের নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভ এসেছিল। বুধবার  আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ টি এম নুরুজ্জামান সঞ্চয় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সর্বশেষ গত মঙ্গলবার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। যার রিপোর্ট বুধবার রাতে পাওয়া গেছে। এতে তার করোনা নেগেটিভ এসেছে।

রংপুরের ওই ব্যক্তি গায়ে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৮ মার্চ রাতে ঢাকা থেকে ট্রাকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে জ্বরসহ শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৯ মার্চ ভোরে তিনি বগুড়ার মহাস্থানগড় এলাকায় নেমে যান। এরপর স্থানীয় এক সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় তাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। ওই ব্যক্তি তার হৃদরোগ আছে বলে জানালে কর্তৃপক্ষ তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করান। এরপর তার শ্বাসকষ্ট বেড়ে গেলে পরদিন ৩০ মার্চ তাকে আইসোলেশন ইউনিট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। 

গত ১ এপ্রিল অন্য রোগীর সঙ্গে তার নমুনাও রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। পরদিন রাতে প্রথমদফা পরীক্ষায় তার করোনা পজিটিভ এলেও আবার পরীক্ষা করার কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা প্রকাশ করেনি। তবে বিষয়টি মৌখিকভাবে জানাজানি হওয়ার পর ওই রোগীর সংস্পর্শে যাওয়া শজিমেকের ৫ চিকিৎসক, ৬ নার্স এবং চার কর্মচারীসহ মোট ১৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। পরবর্তীতে গত ৪ এপ্রিল রাতে জেলা সিভিল সার্জন ডা. গাওসুল আজিম চৌধুরী ওই ব্যক্তি করোনা পজিটিভি বলে আনুষ্ঠানিকভাবে জানান। 

এরপর শজিমেকের ৩ চিকিৎসক, এক নার্স এবং ওই ব্যক্তির স্ত্রী ও শ্যালকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের প্রত্যেকের ফলাফল করোনা নেগেটিভ এসেছে।

ডা. এ টি এম নুরুজ্জামান সঞ্চয় জানান, করোনা পজিটিভ আসার পর রংপুরের ওই ব্যক্তির নমুনা মোট চারবার পরীক্ষা করা হয়। তিনবার পজিটিভি এসেছে। তবে মঙ্গলবার চতুর্থদফা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এলো। তাকে এখন ছাড়পত্র দেওয়া হবে কি-না জানতে চাইলে ডা. সঞ্চয় বলেন, 'আমরা আবারও তার নমুনা পরীক্ষা করবো। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।'

আরও পড়ুন

×