ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

করোনায় মারা যাওয়া চিকিৎসক মঈন উদ্দিনের দাফন হবে সুনামগঞ্জে

করোনায় মারা যাওয়া চিকিৎসক মঈন উদ্দিনের দাফন হবে সুনামগঞ্জে
×

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৯:৫২ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ১০:০৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিনের (৪৭) দাফন হবে সুনামগঞ্জে।

সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের নাদামপুর গ্রামের ছিদ্দেক আলী মুনসির ছেলে মঈন উদ্দিন। এ গ্রামেই তার দাফন সম্পন্ন হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবির সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও ওই চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বুধবার রাতেই দাফন সম্পন্ন হবে। একটি অ্যাম্বুলেন্সে করে লাশ ঢাকা থেকে প্রথমে সিলেটে এবং পরে সুনামগঞ্জে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে।

বুধবার ভোরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই চিকিৎসক। দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মারা যাওয়ার ঘটনা এটিই প্রথম।

স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়েও বুধবার শুরুতে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মঈন উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। ওই চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ওই চিকিৎসকের পরিবারের সব দায়িত্ব সরকার বহন করবে।

চিকিৎসক মঈন উদ্দিন সিলেট নগরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। তার স্ত্রীও চিকিৎসক। তাদের দুই সন্তান রয়েছে। ৫ এপ্রিল তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। ৭ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।

৮ এপ্রিল এই চিকিৎসককে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় সোমবার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান তিনি।

আরও পড়ুন

×