সিলেটে জ্বর, সর্দি, কাশি নিয়ে শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৪:০৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেট নগরীর উপশহর এলাকায় জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ১০ বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
শিশুটির স্বজনরা জানান, গত কয়েকদিন ধরে শিশুটি জ্বর, সর্দি, কাশিতে ভুগছিল। বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে প্রথমে নগরীর বেসরকারি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা করোনার লক্ষণ দেখে শিশুটিকে নগরীর সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন, যে হাসপাতালটিকে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে।
তবে শিশুটির স্বজনরা তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে না নিয়ে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, হাসপাতালে আনার আগে রাস্তায়ই শিশুটির মৃত্যু হয়। জ্বর, সর্দি, কাশিসহ করোনার কিছু উপসর্গ থাকায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
