ধামরাইয়ে ২ জন করোনায় আক্রান্ত, চিকিৎসকসহ ২০ জন কোয়ারেন্টাইনে
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৬:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঢাকার ধামরাই উপজেলায় প্রথমবারের মতো দু'জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদের মধ্যে একজনের বাড়ি ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর পালপাড়া গ্রামে ও অপরজন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা (টিকেট কাউন্টারম্যান)। হাসপাতালের স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ জন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
হাজীপুর পালপাড়া গ্রামের আক্রান্ত ব্যক্তি ঢাকা ডিসি অফিসে নতুন নিয়োগপ্রাপ্ত অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পরই বৃহস্পতিবার মাইকিং করে ধামরাই পৌর এলাকা ও হাজীপুর গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, হাজীপুর পালপাড়া গ্রামের করোনা আক্রান্ত ব্যক্তি (শামীম) গত ১২ এপ্রিল তার কর্মস্থল ঢাকা ডিসি অফিস থেকে জ্বর নিয়ে ধামরাইয়ের বাসায় ফেরেন। এছাড়া ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী টিকেট কাউন্টারম্যান (আয়শা আক্তার) দু’দিন আগে জ্বরে আক্রান্ত হন। গত বুধবার তাদের দু’জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। বৃহস্পতিবার তাদের দু’জনেরই করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক বলেন, হাজীপুর পালপাড়া গ্রামে করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে বর্তমানে কোন জ্বর নেই। তাকে বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে এবং ওই এলাকা লকডাউন করা হয়েছে।
ধামরাই পৌর মেয়র গোলাম কবির বলেন, পৌর এলাকার মধ্যেই হাসপাতাল স্টাফ ও পৌরসভার পাশের হাজীপুর এলাকার এক ব্যক্তিসহ দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পৌরবাসী আতংকের মধ্যে রয়েছে। তাই মাইকিং করে পৌরবাসীর নিরাপত্তার কথা ভেবে পুরো পৌর এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে।
