ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বগুড়ায় কনস্টেবল করোনায় আক্রান্ত, আদমদীঘি লকডাউন

বগুড়ায় কনস্টেবল করোনায় আক্রান্ত, আদমদীঘি লকডাউন
×

বগুড়া ব্যুরো ও আদমদীঘি প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৯:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ায় এই প্রথম এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। জেলার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের শাঁওইল গ্রামের ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল ( ২৯)। 

বৃহস্পতিবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরপরই তাকে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আদমদীঘি উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ রাতে ঢাকা থেকে রংপুর ফেরার পথে বগুড়ায় নেমে পড়া রংপুরের এক ব্যক্তি কভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ওই ব্যক্তির চতুর্থদফা করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল্লাহ্ দেওয়ান জানান, ঢাকায় কর্মরত ওই পুলিশ কনস্টেবল গত ১০ এপ্রিল গ্রামের বাড়িতে আসেন। তার তেমন কোনো শারীরিক সমস্যা ছিল না। শুধু কাশি ছিল। তাই কাশির ওষুধ নেওয়ার জন্য তিনি গত ১৩ এপ্রিল আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওইদিন তার নমুনা সংগ্রহ করে পরদিন বগুড়ায় পাঠানো হয় এবং তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন জানান, ওই ব্যক্তির নমুনা বুধবার রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখান থেকে আজ (বৃহস্পতিবার) জানানো হয় তিনি কভিড-১৯ এ আক্রান্ত।

করোনায় আক্রান্ত ওই পুলিশ সদস্য টেলিফোনে সমকালকে জানান, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত। এর আগে তিনি জামালপুরে র‌্যাবে কর্মরত ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি তিনি ঢাকায় ডিএমপিতে যোগ দেন। শারীরিক অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন, 'এই মুহূর্তে আমার কোনো শারীরিক সমস্যা হচ্ছে না।'

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ্ বিন রশিদ জানান, আক্রান্ত ব্যক্তিকে রাতেই বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে। পাশাপাশি আদমদীঘি উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

×