স্বাস্থ্য ও গণমাধ্যমকর্মীদের বাসাছাড়া করলে ব্যবস্থা নেবে প্রশাসন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ১০:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্য ও গণমাধ্যমকর্মীদের বাসা থেকে বের করে দিতে কতিপয় বাড়িওয়ালার অপচেষ্টার বিষয়টি আমলে নিয়েছে জেলা প্রশাসন। কেউ তাদের বাসাছাড়া করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
এ সংক্রান্ত কোনো অভিযোগ কিংবা তথ্য পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে এবং বিষয়টি মনিটরিংয়ের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু হাসান সিদ্দিককে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু হাসান সিদ্দিক বলেন, করোনা আক্রান্ত রোগী-স্বজন ছাড়াও সেবাদানকারী চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়তে বাড়িওয়ালা তাগিদ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ডিসি স্যার বিষয়টি আমলে নিয়ে যারা এই অমানবিক কাজ করতে চাইছেন- তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। করোনা সংক্রমণের এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, অ্যাম্বুলেন্স ড্রাইভার, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ কাউকে বাসা ছাড়তে বলা অপরাধ ও অমানবিক। কোনো বাড়িওয়ালা এ কাজ করলে মুঠোফোনে (০১৭৩৩ ৩৩৪৩১৭) জানাতে পারবেন। তথ্যদাতা কিংবা অভিযোগ দাতার পরিচয় গোপন রেখে বাড়িওয়ালার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে প্রশাসন।
