ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

খাবারের দাবিতে বিক্ষোভ-অবরোধ, মুখ চিনে ত্রাণ দেওয়ার অভিযোগ

খাবারের দাবিতে বিক্ষোভ-অবরোধ, মুখ চিনে ত্রাণ দেওয়ার অভিযোগ
×

ত্রাণের দাবিতে বৃহস্পতিবার পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেন কর্মহীন হয়ে পড়া মানুষেরা। ছবি: সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ১০:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ত্রাণের দাবিতে দেশের কয়েকটি স্থানে বৃহস্পতিবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দরিদ্র কর্মহীন শত শত মানুষ। বেশ কিছুদিন ধরে ঘরে খাবার না থাকা এবং সঠিক ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণের দাবিতে এদিন তারা রাস্তায় নেমে আসে। কর্মহীন লোকজন জানান, বেশিরভাগ পরিবার এখনও ত্রাণ পায়নি। তা ছাড়া জনপ্রতিনিধিরা মুখ চিনে এ খাদ্য সহায়তা দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। প্রতিনিধিদের পাঠানো খবর-

মাদারীপুর : মস্তফাপুর ইউনিয়নের দুই শতাধিক মানুষ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অসহায় লোকজনের অভিযোগ, ঘরে খাবার পৌঁছে দেওয়ার কথা থাকলেও তা দিচ্ছে না প্রশাসন। এমনকি ইউনিয়ন পরিষদ থেকেও ত্রাণ দেওয়া হচ্ছে না। স্থানীয় চেয়ারম্যান কুদ্দুস মল্লিক বলেন, ত্রাণ এলে তো দেব?

সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ত্রাণের দাবিতে বিক্ষোভ হয়েছে। বাঁকাল ইসলামপুর (চর) ভূমিহীন জনপদের ত্রাণবঞ্চিত সহস্রাধিক নারী-পুরুষ বিক্ষোভ শুরু করে। এতে নেতৃত্ব দেন সিপিবির জেলা সম্পাদক আবুল হোসেন, ক্ষেত মজুর সমিতির জেলা সভাপতি ইয়ার আলী, আওয়ামী লীগের স্থানীয় নেতা আশরাফুল আলম, মাসুম বিল্লাহ প্রমুখ। পরে ত্রাণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের ঘরে ফেরায় পুলিশ। 

সিপিবি নেতা আবুল হোসেন জানান, ইসলামপুর চর এলাকায় ভূমিহীন প্রায় পাঁচ হাজার মানুষ বাস করে। এ পর্যন্ত সেখানে কেউ ত্রাণ পাননি। তবে ইসলামপুর চরে ২০০ পরিবারকে দেড় হাজার করে টাকা দেওয়া হয়েছে বলে জানান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম। সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

উলিপুর (কুড়িগ্রাম) : উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরফদি গ্রামের কয়েকশ' মানুষ ত্রাণের দাবিতে উলিপুর-রাজারহাট সড়ক বাঁশ দিয়ে অবরোধ করে। পরে সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকারনাইন কবির পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেয়।

ওই গ্রামের মোস্তাফিজার জানান, পরপর তিন দফায় সরকারি খাদ্য বিতরণ করা হলেও তাদের অনেকেই এ সহায়তা পাননি। অবরোধকারী আবু মিয়া জানান, তারা নিদারুণ কষ্টে দিন পাড়ি দিলেও জনপ্রতিনিধিরা কেউ খোঁজ নিচ্ছেন না। বিক্ষোভকারীদের অভিযোগ, চেয়ারম্যান-মেম্বাররা তাদের লোককে রিলিফ দেন। যারা তাদের ভোট দেননি, তাদের দেন না। 

ইউপি সদস্য আব্দুর রহিম রাজু বলেন, পর্যায়ক্রমে সবাই পাবেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সী দাবি করেন, তার এলাকায় কেউ অনাহারি মানুষ নেই। সরকারি ঘোষণা ছিল- বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। এ কারণে সবাই ত্রাণ চায়। ইউএনও আব্দুল কাদের বলেন, আগামী বরাদ্দে প্রকৃত লোকজনের নাম তালিকায় থাকবে- এ আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

ঈশ্বরদী (পাবনা) : ঈশ্বরদীতে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের দাবিতে কর্মহীন শত শত মানুষ গত বুধবার মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা অভিযোগ করেন, মুলাডুলি ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যান-মেম্বাররা তাদের পরিচিত লোকজন ও নেতাকর্মীদের মধ্যে ত্রাণ দিচ্ছেন। 

প্রত্যক্ষদর্শী খালেদ মাহমুদ সুজন নামে একজন জানান, বিক্ষোভকারীরা সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের দাবি জানান। একপর্যায়ে ঈশ্বরদীতে অবস্থানরত সেনাবাহিনীর টহল দলের সদস্যরা সেখানে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। 

সেনাবাহিনীর টহল সদস্যরা তাদের আশ্বস্ত করে বলেন, আপনারা একটু ধৈর্য ধরুন চেয়ারম্যান-মেম্বর নন, আমরা আপনাদের ত্রাণ পৌঁছে দেব। পরে এলাকাবাসী বিক্ষোভ ও অবরোধ প্রত্যাহার করে বাড়ি ফিরে যান। ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল এসব গ্রামে সরকারি খাদ্য সহায়তা না পৌঁছানোয় দুঃখ প্রকাশ করেন।

আরও পড়ুন

×