দুই ট্রাকের সংঘর্ষের পর পালিয়ে গেলেন শতাধিক লোক
সংঘর্ষ কবলিত ট্রাক -সমকাল
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০৫:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঢাকা থেকে লোক নিয়ে সাতক্ষীরা যাওয়ার সময় ঝিনাইদহের শৈলকুপার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার গাড়াগঞ্জ এলাকার চন্ডিপুর এলাকায় এই ঘটনা ঘটে। সংর্ঘষের পরপরই ঢাকা থেকে পালিয়ে আসা ট্রাকে থাকা শতাধিক ব্যক্তি পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানান।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই ট্রাকের যাত্রীরা পালিয়ে যায় বলে জানিয়েছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, ভোরে গাদাগাদি করে লোক নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক চন্ডিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ড্রাইভার সাতক্ষীরার শ্যামনগরের ঠান্ডুসহ ৩ ব্যক্তি আহত হয়। তবে ট্রাকে থাকা শতাধিক ব্যক্তি পালিয়ে যান।
গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডের আরজু জানান, সংঘর্ষ কবলিত ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটিতে শতাধিক লোক ছিল। দুর্ঘটনার পর তারা স্থানীয় মিলন, স্বপন ও জলিলের হোটেলে নাস্তা করেন। এর পরপরই তারা হেঁটে ঝিনাইদহের উদ্দেশে রওনা হয়।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দেখেন ট্রাকের মধ্যে চালক আটকে আছেন। তাকেসহ তিনজনকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে পাঠানোর সময় দেখেন ট্রাকে থাকা শতাধিক ব্যক্তি পালিয়ে যাচ্ছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাকের যাত্রীরা পালিয়ে গেছে।
