ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

নওগাঁয় করোনার উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক ব্যক্তির মৃত্যু

নওগাঁয় করোনার উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক ব্যক্তির মৃত্যু
×

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০৫:১৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নওগাঁ শহরের চকদেব জনকল্যাণপাড়া মহল্লায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান। সর্দি, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। খবর পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে ওই ব্যাক্তির নমুনা সংগ্রহ করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

এদিকে ওই ব্যক্তির মৃত্যুতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তার দাফন-কাফনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ টিমের মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ছাড়া মৃত ব্যাক্তির পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ জানান, শহরের চকদেব জনকল্যাণপাড়া বি ব্লক এলাকার জনৈক ব্যক্তির অবস্থার অবনতির সংবাদ পেয়ে বৃহষ্পতিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতাল ল্যাবে পাঠানো হয়। এরই মধ্যে শুক্রবার সকাল সাড়ে ৮টায় তিনি মৃত্যুবরণ করেন। এই সংবাদ ছড়িয়ে পড়লে নওগাঁ শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃত্যুর সংবাদ পেয়ে জেলা প্রশাসনের পক্ষে তার পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। মৃত ব্যক্তির লাশ জেলা প্রশাসকের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দাফন করার ব্যবস্থা করা হয়েছে।

জেলার সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল জানান, ওই ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি ঢাকার একটি বে-সরকারি কোম্পানীতে চাকরি করতেন। আগে থেকেই তিনি শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন। তিনি অসুস্থ্য অবস্থায় নওগাঁর নিজ বাড়িতে আসেন।

এদিকে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলার ১০টি উপজেলায় নতুন করে আরও ১৯২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। হোম কোয়ারেন্টাইনে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ২৫ জনকে ছাড়পত্র দেওয়া হেয়ছে।

এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল ২ হাজার ৯১৫ জনকে। এদের মধ্যে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ২ হাজার ৩৭ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৮৭৮ জন।

বৃহষ্পতিবার পর্যন্ত নওগাঁ জেলা থেকে মোট ২২১ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট পওয়া গেছে ১৫৪ ব্যক্তির। প্রাপ্ত ফলাফল অনুযায়ী এদের কারও শরীরে করোনাভাইরাস-এর জীবাণু পাওয়া যায়নি।

আরও পড়ুন

×