রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে কলেজছাত্রের মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০০:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মনির গাজী (১৯) নামে নাটোরের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মনির গাজী নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার আলম গাজীর ছেলে। তিনি মাধনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন।
হাসপাতাল সূত্র জানায়, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মনির গাজীকে শুক্রবার দুপুরে হাসপাতালে আনা হয়। পরে তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার সকাল ৭টার দিকে সে মারা যায়।
মনির গাজীর বাবা আলম গাজী জানান, এক সপ্তাহ আগে মনিরের হাম বের হয়। এরপর জ্বর আসে। পরে গ্রামের ডাক্তার তাকে এন্টিবায়োটিক, জ্বর ও ব্যথার ওষুধ দেন। এরপর থেকে তার হাত-পা, ঘাড় বাঁকা হয়ে যাচ্ছিল। তখন নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা জানান তার শরীরের পটাশিয়াম কমে গেছে। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের চিকিৎসক ডা. মামুন জানান, করোনা সন্দেহে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পরই বোঝা যাবে সে করোনায় আক্রান্ত ছিল কি-না।
