গোপালগঞ্জে যক্ষ্মায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু, নমুনা সংগ্রহ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৩:৩০ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ | ০৩:৪১
গোপালগঞ্জে যক্ষ্মায় আক্রান্ত বাদল মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে তিনি মারা যান। মৃত বাদল মণ্ডল সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের হরিদাসপুর গ্রামের বিভূতি মণ্ডলের ছেলে।
গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান হাওলাদার বলেন, বাদল মণ্ডল দীর্ঘ ৫ বছর ধরে যক্ষ্মায় ভুগছিলেন। যক্ষ্মা রোগী হিসেবে তিনি এতদিন গোপালগঞ্জ বক্ষব্যাধি হাসপাতাল থেকে চিকিৎসাও নিচ্ছিলেন। এ অবস্থায় আজ ভোরে তিনি নিজ বাড়িতে মারা যান।
তিনি জানান, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সতর্ক থাকতে মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। এ ছাড়া তার পরিবারের সদস্যদের নমুনা রিপোর্ট আসার আগ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, ওই ব্যক্তির নমুনা ঢাকা আইইডিসিআর-এ পাঠানো হচ্ছে ।
