ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভান্ডারিয়ায় ৯ ছাত্রলীগের নেতাকর্মী আহত, ককটেল-রামদা-চাপাতি উদ্ধার

ভান্ডারিয়ায় ৯ ছাত্রলীগের নেতাকর্মী আহত, ককটেল-রামদা-চাপাতি উদ্ধার
×

ফাইল ছবি

ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ১২:৪৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ১২:৪৭

পিরোজপুরের ভান্ডারিয়ায় টিএন্ডটি সড়কে বৃহস্পতিবার রাতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে, ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল, রামদা, চাপাতি, রড ও জিআই পাইপ উদ্ধার করেছে।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেদওয়ান সিকদার রিচান বাদি হয়ে বৃহস্পতিবার রাতে ছয়জনকে চিহ্নিত এবং ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মনির হোসেন আকন এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে আমিসহ নেতাকর্মীরা আগে থেকে ঢাকায় অবস্থান করছি। কোনোভাবেই আমাদের নেতাকর্মীরা  এ হামলায় জড়িত নই।’

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে বিএনপির নেতাকর্মীরা ২৮ অক্টোবরের কর্মসূচি সফল করতে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করছিল। ছাত্রলীগ নেতাকর্মীরা টিএন্ডটি সড়ক থেকে তাদের কার্যালয়ে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা তাদের উদ্দেশে ককটেল, রামদা, চাপাতি, রডসহ দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

আহতরা হলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেদওয়ান সিকদার রিচান (৩০), যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান লিমন (২৬), বেল্লাল খান তুহিন (৩০), পৌর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন (৩১), ভান্ডারিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তাসবির রহমান সানি (২৫), সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম (২৫), ছাত্রলীগ নেতা রহমত আকন (২৯), রাহাত সিকদার (২৫) ও অনিক মন্ডল (২২)। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল, চাপাতি, রামদা ও জিআই পাইপ উদ্ধার করেছে।’

আরও পড়ুন

×