সামাজিক দূরত্ব নিশ্চিত করাতে যাওয়া আনসার সদস্যকে মারধর
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ০৪:৫৬
রাজবাড়ীর গোয়ালন্দে সেনা সদস্যদের সঙ্গে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে পরিচালিত অভিযানে অংশ নেয়ায় এক আনসার সদস্য মারপিটের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবারের এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় বৃহস্পতিবার বিকেলে একটি মামলা করা হয়েছে।
জানা যায়, বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সেনাবাহিনী ও আনসার সদস্য উপজেলায় যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামে কিছু যুবক জটলা করে ক্রিকেট টুর্নামেন্ট চালাচ্ছিল।
তাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেনা সদস্যরা লাঠি চার্জ করে। অভিযান পরিচালনাকারী দলের সাথে উপস্থিত ছিলেন আনছার সদস্য পার্শ্ববর্তী চর বালিয়াকান্দি গ্রামের শামসুল হক (৪২)।
পরদিন বৃহস্পতিবার আনছার সদস্য শামছুল হকের ওপর ওই যুবকরা হামলা চালায়। এ ঘটনায় তিনিসহ ৪ জন আহত হন। আহতরা হলেন- আনাসার সদস্য শামসুল হক (৪২) তার বোন রাবেয়া বেগম (৬২), নাসিমা আক্তার (৩০) ও হোসেন শেখ (১৯)। রাবেয়া ও নাসিমা গুরুতর আহত অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আনসার সদস্য শামসুল হক বাদী হয়ে আজিজ খা, মিজান খান, ইমদাদুল ও শওকতকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় উভয় পক্ষ দুটি লিখিত অভিযোগ করেছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুলাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে মারপিটের শিকার হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার পর ওই এলাকায় বৃহস্পতিবার ফের অভিযান পরিচালনা করা হয়েছে।
- বিষয় :
- গোয়ালন্দ
