ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

আশুগঞ্জে বিদ্যুতায়িত পুকুরে গোসলে নেমে দুই শিশু নিহত

আশুগঞ্জে বিদ্যুতায়িত পুকুরে গোসলে নেমে দুই শিশু নিহত
×

প্রতীকী ছবি

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৫:০৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুতায়িত পুকুরে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। পুকুরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে থাকায় পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বিষয়টি না জেনেই তিন শিশু গোসলে নামলে এ দুর্ঘটনা ঘটে।

রোববার সন্ধ্যার আগে উপজেলার বাহাদুরপুর গ্রামের খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিমখানার পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার চরচারতলা গ্রামের মহরমপাড়ার আলম মিয়ার ছেলে মো. চাঁন বাদশা (৯) এবং তালশহর গ্রামের দক্ষিণপাড়ার নাছির নিয়াজের ছেলে মো. রিয়ান নিয়াজ (১১)। আহত মো. রাহীমের (১৩) চিকিৎসা চলছে। তিনজনই খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, মাদরাসার পাশের পুকুরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের একটি তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। এতে পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে। তবে বিষয়টি সম্পর্কে কিছুই জানত না মাদরাসার তিন শিক্ষার্থী।

বিকেলে খেলাধুলা শেষে সন্ধ্যার কিছু আগে গোসল করতে পুকুরে নামে চাঁন বাদশা, রিয়ান নিয়াজ ও রাহীম। পানিতে নামার সঙ্গে সঙ্গেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন দ্রুত বিদ্যুতের সংযোগ বন্ধ করে তিনজনকে উদ্ধার করেন। পরে তাঁদের আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চাঁন বাদশা ও রিয়ান নিয়াজকে মৃত ঘোষণা করেন। আহত রাহীমকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মো. মোস্তফা রেজা বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×