বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
গ্রেপ্তার লিটন -সমকাল
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০২:২৩
ময়মনসিংহ ফুলবাড়িয়ায় আব্দুল খালেক ( ৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে লিটন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার আছিম ইউনিয়নের পাটুলি দইরের পাড় গ্রামে এই ঘটনা ঘটে।
ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, খুনি লিটনকে আমরা পার্শ্ববর্তী গ্রাম থেকে গ্রেপ্তার করেছি। সে হত্যার দায় স্বীকার করেছে। লিটন জানিয়েছে, শুক্রবার তাকে এলাকাবাসী পাগল বলে ক্ষ্যাপালে স্থানীয় খামখেয়ালীর বাজারে তর্ক-বিতর্ক হয় কয়েকজনের সঙ্গে। সেখানে মারধরও করা হয় লিটনকে। মারধর করার বিষয়টি বাবা আব্দুল খালেককে জানানোর পর বিচার না করায় ক্ষিপ্ত হয়ে আজ সকালে তাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানায় লিটন।
লিটনের চাচা আছিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম জানান, মানসিকভাবে অসুস্থ লিটন, এই নিয়ে পরিবারের প্রায়সময়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। শুক্রবার বাজারে ঝগড়ার পর তার মানসিক সমস্যা বাড়ার কারণে এমন নৃশংস হত্যার ঘটনা ঘটাতে পারে।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- ফুলবাড়িয়া
- কুপিয়ে হত্যা