পিরোজপুরে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২০ | ২৩:৫৭ | আপডেট: ০৪ মে ২০২০ | ০০:১৩
পিরোজপুরে সদর উপজেলায় স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। নতুন আক্রান্তদের বাড়ি উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে।
জেলার সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেও শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।
সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ পরীক্ষার ল্যাব থেকে নতুন আক্রান্ত দুইজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি বলেন, শনিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছিল।
এদিকে স্বামী-স্ত্রীর করোনা শনাক্তে পর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল, শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনসহ প্রশাসনের লোকজন আক্রান্তদের গ্রামে গিয়ে তাদের বাড়িটি লকডাউন করেন। পাশাপাশি আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী জানান, করোনা আক্রান্ত ওই দম্পতি গত ২ মে ঢাকা থেকে পিরোজপুরে আসেন। সেদিনই খবর পেয়ে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়। তিনি আরও জানান, আক্রান্তরা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
- বিষয় :
- পিরোজপুর
- করোনা শনাক্ত
- করোনা রোগী